রাজশাহীর মোহনপুর উপজেলার মাধবপুর গ্রামসংলগ্ন মোহনপুর-পবা উপজেলার সীমান্তঘেঁষা বারনই নদীতে অবৈধভাবে মাছের ঘের নির্মাণ করে পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা আকতার নেতৃত্বে নদীতে অবৈধ ঝোপ বা কাঠা ফিশারি উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম সহ মৎস অফিসের কর্মকর্তা কর্মচারি গন।

অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপন করা ফিশারির বাঁশ ও জাল অপসারণ করা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নদীতে অবৈধভাবে মাছ ধরার এমন পদ্ধতি বন্ধ করা এবং দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।