বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। এহেন অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার প্রেক্ষাপটে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ এবং নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
মঙ্গলবার (২৭অক্টোবর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এই জরুরি সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু। সভায় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এস এম রাজ, সহ সাদারন সম্পাদক মোঃ ইয়ামিন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আলী আকবার টুটুল, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, সোহেল রানা বাবুল, মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একজন পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আলী আকবর টুটুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজ ও মুক্তবুদ্ধির চর্চার ওপর সরাসরি আঘাত। এ ধরনের চরিত্রহননমূলক কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
জরুরি সভা থেকে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় বাগেরহাটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ তরিকুল ইসলাম
© দৈনিক গনকথা স্বত্ব সংরক্ষিত © ২০২৬